
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি গলির পাশে দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু (১৭) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিল সবার ছোট। সে এক বছর আগে মিম নামের এক মেয়েকে বিয়ে করে।
নিহত মারুফ ওরফে দুখুর স্ত্রী মিম জানান, আমার স্বামী সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল ফ্যাক্টরিতে কাজ করে। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফেরার পথে পাশেই সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে বুকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।
কান্না জড়িত কণ্ঠে মিম জানান, আমার স্বামী অনেক ভালো ছেলে, সে কারো সাথে কোনো দ্বন্দ্ব বা ঝামেলায় জড়ায় না। কারা কী কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করলো সে বিষয়টি বলতে পারছি না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








