
প্রথম দিনটা ওয়েস্ট ইন্ডিজের। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটিকে দারুণভাবে ঘুরে দাঁড় করিয়েছেন আমির জাঙ্গু ও কেভিন উইকহাম। তাদের বড় জুটিতে সিলেট টেস্টের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে।
দিন শেষে ৪ উইকেটে ২৩৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনে তাদের লক্ষ্য স্কোরবোর্ডে অন্তত ৩৫০ থেকে ৪০০ রান যোগ করা। তবে বাংলাদেশ চায়, সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের বড় সংগ্রহের পথে বাধা দিতে।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হয়ে এসেছিলেন অভিষিক্ত কেভিন উইকহাম। ৬১ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যানের বিশ্বাস, প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ আরো ভালোভাবে নেয়া যাবে।
সিলেটে প্রথম ইনিংসে তার চোখ ৩৫০ থেকে ৪০০ রানের দিকে। তাতে বাংলাদেশকে দুইবার অলআউট করার সুযোগ তৈরি হবে বলেও মনে করেন তিনি।
উইকহামের এমন আত্মবিশ্বাসী বক্তব্য অবশ্য খুব একটা আমলে নিতে চাননি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বরং অভিষিক্ত ব্যাটসম্যানকে একটু খোঁচাই দিয়েছেন তিনি।
তাসকিনের ভাষ্য, ‘ওর আজ অভিষেক হয়েছে, তাই স্বাভাবিকভাবেই খুব রোমাঞ্চিত। অভিষেকে রানও পেয়েছে, সে কারণেও ওর মাঝে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তাই ও অনেক কিছুই বলতে পারে, এটা নিয়ে সমস্যা নেই।’
ওয়েস্ট ইন্ডিজকে কত রানে আটকে রাখতে চায় বাংলাদেশ? এমন প্রশ্নে তাসকিনের জবাবেও ছিল টেস্ট ক্রিকেটের অনিশ্চয়তার কথা। তিনি বলেন, ‘এমনও হতে পারে, ওরা ৪৫০ রান করবে, আবার কাল এক ঘণ্টার মধ্যেই ৫০ রানে অলআউট হয়ে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের মজা।’
তবে কথার লড়াইয়ে নয়, বাংলাদেশের আসল চ্যালেঞ্জ মাঠে। প্রথম দিন ১১১ রানে অপরাজিত থাকা আমির জাঙ্গুকে দ্রুত ফেরানোই হবে বড় কাজ। উইকহ্যামের সাথে ১৩৩ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তুলেছেন তিনি।
দিন শেষে জাঙ্গুর সাথে ৩৫ রানে অপরাজিত ছিলেন জাস্টিন গ্রেভস। দুজনের জুটিটাও অবশ্য জমে গেছে। ১১৯ বলে ৭৭ রান তুলে প্রথম দিন শেষ করেছেন তারা। দ্বিতীয় দিনে জুটিটা আরো বড় করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিতভাবেই।
অন্যদিকে প্রথম দিন সকালে নতুন বলে তাসকিন ও হাসান মাহমুদ মিলে যে সম্ভাবনা তৈরি করেছিলেন, দ্বিতীয় দিন সেটিই কাজে লাগাতে চাইবে বাংলাদেশ। চাইবে সকালে আরো একটা বড় আঘাত আনতে।
বিশেষ করে জাঙ্গুর উইকেট দ্রুত নিতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ থেকে দূরে রাখার সুযোগ থাকবে। দেখা যাক সেই সুযোগ কাজে লাগাতে পারে কতটা বাংলাদেশ!
আজ শুক্রবার সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








