বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর টেস্ট, জাকের আলী, নাঈম হাসান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম
হাফ সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে নাঈমের উদযাপন। সংগৃহীত

নাঈম হাসান চেষ্টা করলেন যথাসাধ্য। একপ্রান্ত আগলে দলকে টানলেন শেষ পর্যন্ত। তবুও ২০০ রান পর্যন্ত বাড়াতে পারলেন না লিড। মিরপুর টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

Advertisement

৬ উইকেটে ৭৯ রান নিয়ে শনিবার চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। দলের লিড ছিল ১০৬ রান। তবে নতুন দিনে বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি টাইগাররা। ১৯.৪ ওভার ব্যাট করে ৬৩ রান যোগ করেই গুটিয়ে গেছে দল।

আগের দিন সংবাদ সম্মেলনে ২০০ রানের পুঁজি গড়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন নাঈম হাসান। সেই লক্ষ্য পূরণে যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। তবে আক্ষেপের বিষয় হলো কাউকে পাননি তিনি। একাই টানতে হয়েছে দলকে।

শনিবার ব্যাট করতে নেমেই ফেরেন জাকের আলী। প্রথম ওভারের শেষ বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ৩৪ বলে ২২ করে। এরপর অবশ্য হাসান মাহমুদ চেষ্টা করেন নাঈমকে সঙ্গ দেয়ার (৩১ বলে ৮)। 

সমান ৮ করে ফেরেন তাইজুল ইসলামও। তবে অন্যপ্রান্ত আগলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন নাঈম। ৪৮.৪ ওভারে আউট হওয়ার আগে ৯১ বলে করেন ৫২ রান। ৭ রানে অপরাজিত থাকেন শরিফুল।

বাংলাদেশ ১৪২ রানে গুটিয়ে যায়। লিডসহ সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিক্যান ৪ উইকেট নেন। তবে তাকে ছাপিয়ে ৫ উইকেট নেন রোস্টন চেজ।

এদিকে লক্ষ্য তাড়ায় নেমে মধ্যাহ্নভোজের আগে কোনো উইকেট না হারিয়ে ৮ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য এখনো চাই ১৬২ রান। বাংলাদেশের চাই ১০ উইকেট।