বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর টেস্ট, জাকের আলী, নাঈম হাসান
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের একটি দৃশ্য। সংগৃহীত

মিরপুর টেস্ট এখন যে জায়গায় দাঁড়িয়ে, সেখান থেকে পঞ্চম দিনে খেলা গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। অবিশ্বাস্য কিছু না ঘটলে আজ শনিবার চতুর্থ দিনেই ইতি ঘটতে পারে ম্যাচের। যদিও তৃতীয় দিন শেষে ভালো নেই বাংলাদেশ।

Advertisement

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে মাত্র ৭৯ রান। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডসহ স্বাগতিকদের পুঁজি মাত্র ১০৬ রান। হাতে আছে আর মাত্র ৪ উইকেট।

ফলে লড়াই করার মতো পুঁজি পেতে হলে আজ চতুর্থ দিনের সকালটা সামলে নিতে হবে জাকের আলী ও নাঈম হাসানকে। অন্তত একটা সেশন খেলতে হবে বাংলাদেশকে। লড়াই করার পুঁজিও তো থাকতে হবে নাকি!

শুক্রবার দিনের শেষ ভাগ থেকে বাংলাদেশের ব্যাটিংয়ের দায়িত্ব নিয়েছেন জাকের ও নাঈম। বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছেন তারা। ৫৩ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর দুজন মিলে গড়েছেন ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি। 

তাদের এই প্রতিরোধেই দিন শেষ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। তবে আলো স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দিনের খেলা। ফলে তৃতীয় দিনেই অল আউট হওয়া থেকে রক্ষা পায় দল।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪৫ রানে। বাংলাদেশের ২৭ রানের লিড এনে দিতে বড় ভূমিকা রাখেন নাঈম হাসান। তুলে নেন চার উইকেট।

বল হাতে দারুণ পারফরম্যান্সের পর ব্যাট হাতেও এখন দলের ভরসা হয়ে উঠতে চাইছেন নাঈম। দলের প্রয়োজন ভালোই বুঝতে পারছেন তিনি। সংবাদ সম্মেলনে তাই নাঈম শোনালেন যতো বেশি সম্ভব রান যোগ করার প্রত্যয়।

জানালেন একই ছন্দে ধরে চতুর্থ দিন সকালে বড় জুটি গড়তে চান। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাঈম জানালেন ২০০ রানের লক্ষ্য দিতে পারলে জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব যতো বেশি রান করতে পারি। এখন আমি আর জাকের ভাই ব্যাটিং করছি, আমরা যদি লম্বা খেলতে পারি, যতো বেশি রান দেব, ততই আমাদের জন্য ভালো। ২০০ রান হলে খুবই ভালো হবে। চেষ্টা থাকবে আরো বেশি করার।’

তিনি আরো বলেন, ‘আমাদের উইকেট আছে, চেষ্টা করব যতো বেশি রান করা যায়। যতো বেশি রান করব, ততো আমাদের জন্য ভালো। এখন কোনো লক্ষ্য নির্ধারণ না করি। আপনারা বিশ্বাস রাখেন, আমি আর জাকের ভাই যেন বড় খেলতে পারি।’

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের চোখ বাংলাদেশের শেষ চার উইকেট দ্রুত তুলে নিয়ে সহজ লক্ষ্য পাওয়ার দিকে। ক্যারিবীয়দের সহকারী কোচ ফ্লয়েড রেইফার মনে করেন, লক্ষ্য ১২৫ রানের আশপাশে থাকলে এই উইকেটে তা তাড়া করা সম্ভব।

এমনকি ১৫০ কিংবা ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতেও প্রস্তুত তারা। তবে মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা যে সহজ হবে না, সেটিও অজানা নয় ক্যারিবীয়দের। বল ঘুরছে, কোথাও কোথাও অসমান বাউন্সও দেখা যাচ্ছে। কিছু বল নিচু হয়ে আসছে।

এমন উইকেটে প্রথম ঘণ্টাটিই হতে পারে ম্যাচের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ। যেখানে দ্রুত বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়ে জয়ের পথে এগিয়ে যেতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে লিড বাড়িয়ে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলাই এখন বাংলাদেশের চ্যালেঞ্জ।