
ব্যাটিংয়ে শুরুতেই বিপর্যয়, পরে বোলিংয়েও নিষ্প্রভ বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেসরা হেরে গেছে অসহায়ভাবে।
শুক্রবার ব্রিসবেনে আগে ব্যাট করে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ১৪৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকেরা।
রান তাড়ায় শুরুতে জর্জিয়া ভোলের (১৯) উইকেট হারালেও তাতে চাপে পড়েনি অস্ট্রেলিয়া। ফিবি লিচফিল্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ বলে ফিফটি তুলে করেন ৫৯ বলে ৭৭ রান করেন।
এলিসা পেরির সাথে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮৯ রান। লিচফিল্ডকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। তবে ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ করে ফেলেছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৪৬ বল হাতে রেখেই জিতে যায় তারা।
এলিসা পেরি ২৬ ও অ্যানাবেল সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থাকেন। মাঝে ১৩ রান করে আউট হন ব্যাথ মুন। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম ৩ ও রাবেয়া খান ১ উইকেট নেব।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই মেগান শুটের শিকার হন ফারজানা হক (০)। নিজের পরের ওভারে শুট ফিরিয়ে দেন শারমিন সুলতানাকেও (৪)। মাত্র ১১ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ২৬ বলে ২৪ রান করে ফিরলে বাংলাদেশের বিপদ আরো বাড়ে। সোবহানা মোস্তারি ১৭ বল খেলে করেন মাত্র ২ রান।
৪৮ রানে ৪ উইকেট হারানোর পর স্বর্ণা আক্তারকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন জ্যোতি। তবে রানের গতি বাড়াতে পারেননি কেউই। ৮৬ বল খেলে মাত্র ২৯ রান করে তাহলিয়া ম্যাকগ্রার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জ্যোতি।
স্বর্ণা ৫০ বলে করেন ২১ রান। ১২২ রানে ৭ উইকেট হারানোর পর শেষ দিকে রিতু মনির ৪৫ এবং নাহিদা আক্তারের অপরাজিত ১৯ রানে দেড় শ’ পেরোয় বাংলাদেশের সংগ্রহ। ৬৩ বলের ইনিংসে পাঁচটি চার মারেন রিতু।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। মেগান শুটও নেন ২ উইকেট। ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুটি মেডেনসহ দুর্দান্ত বোলিং করেন এই পেসার।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার একই মাঠে আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








