
বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন আকবর আলী। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে কর্ণালি ইয়াকসের হয়ে খেলবেন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক।
আকবরকে দলে নেয়ার বিষয়টি সরাসরি ঘোষণা না করে ভিন্নভাবে জানিয়েছে কর্ণালি ইয়াকস। সামাজিক যোগাযোগমাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সাথে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি প্রকাশ করে তারা আকবরের সাথে চুক্তির ইঙ্গিত দেয়।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আকবরের নেতৃত্বেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ফাইনালে চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে এক হাজার ১৮০ রান করেছেন আকবর। এবারই প্রথম কোনো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এনপিএলের এবারের আসরে আকবরের সাথে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন তিনি।
আট দল নিয়ে আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরু হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্ট চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সব ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।
আকবরের কর্ণালি ইয়াকস ও সাকিবের পোখারা অ্যাভেঞ্জার্স ছাড়াও এবারের এনপিএলে খেলবে বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কাঠমাণ্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স ও সুদূর পশ্চিম রয়্যালস।







