
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ জুগলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম দক্ষিণ জুগলী গ্রামের মরহুম আ: মান্নানের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কামরুল ইসলাম বাড়ির পাশের জমিতে পানি দেয়ার উদ্দেশ্যে ডিপ টিউবওয়েল চালু করতে যান। এ সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর বিকেলে হালুয়াঘাট থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








