
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত দুই আমির পৃথক অনুষ্ঠানে শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখার পৃথক অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমির মাওলানা মো: শেফাউল হক এবং মহানগর আমির মো. খায়রুল হাসান শপথ গ্রহণ করেন।
দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব। তিনি নবনির্বাচিত দুই আমিরকে শপথবাক্য পাঠ করান।
জেলা জামায়াতের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জেলা শাখার নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম। দারসুল কোরআন পেশ করেন ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য মাওলানা মো: দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা মো: খলিলুর রহমান মাদানী এবং কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের বিদায়ী আমির অধ্যাপক মো: জামাল উদ্দিন।
অন্যদিকে মহানগর জামায়াতের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি আ স ম ফারুক।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন জানান, ‘গাজীপুর মহানগর জামায়াতের প্রতিষ্ঠাকালীন আমির ছিলেন এসএম সানাউল্লাহ। নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে নবনির্বাচিত আমিরের নেতৃত্বে সংগঠনকে আরো সুসংগঠিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
নবনির্বাচিত মহানগর আমির মো: খায়রুল হাসান দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি দলীয় নেতাকর্মীদের গঠনমূলক সমালোচনা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
খায়রুল হাসান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য। এর আগে তিনি মহানগর জামায়াতের সেক্রেটারি ও নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতিও ছিলেন তিনি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের বাসিন্দা খায়রুল হাসান সমাজকর্মে অনার্স ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
দুই শপথ অনুষ্ঠানে জেলা ও মহানগর জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য, উপজেলা ও থানা পর্যায়ের আমির-সেক্রেটারি, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত দুই আমিরকে অভিনন্দন জানান। একইসাথে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন, আর্তমানবতার সেবা এবং গাজীপুরে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুর রব বলেন, ‘আল্লাহর সাহায্য ও সহযোগিতায় সংগঠন সামনে এগিয়ে যাচ্ছে।’
নেতৃত্বের ক্ষেত্রে ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ইমাম ভুল করলে মুসল্লিদের যেমন প্রয়োজনের সময় লোকমা দেয়া উচিত, তেমনি সংগঠনের নেতৃত্বের ক্ষেত্রেও গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ থাকা প্রয়োজন।’ নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুরে জামায়াত আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত মহানগর আমির মো: খায়রুল হাসান বলেন, ‘আপনারা আমার সামনে সমালোচনা করবেন আর গোপনে আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়। ওই ঘোষণায় গাজীপুর জেলা আমির হিসেবে মাওলানা মো: শেফাউল হক এবং মহানগর আমির হিসেবে মো: খায়রুল হাসানের নাম আসে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








