
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, এখনো বিএনপি যে সরকারে আছে তা গায়ের জোরে আছে। অতীতেও আমরা দেখেছি, গায়ের জোরে অনেকেই ক্ষমতায় ছিল, তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি।’
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। পাঁচ বছর তাদের ক্ষমতায় থাকতে হলে অবশ্যই গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘অনৈক্য কারা সৃষ্টি করেছে, এটা আপনাদের খতিয়ে দেখতে হবে। ৫ আগস্টের পর থেকে যারা শুধু নিজেদের চেয়ারের কথা বলেছে, নিজেদের ক্ষমতায় যাওয়ার কথা বলেছে কিন্তু দেশ পরিবর্তনের কথা ভাবে নাই, দেশের সংস্কারের কথা যারা ভাবে নাই, তারাই অনৈক্য তৈরি করেছে। তারা এখন দেশের ঐক্যের কথা বলছে, যখন তারা আওয়ামী লীগকে ট্যাকেল করতে পারছে না।’
তিনি আরো বলেন, ‘এনসিপি ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছে। তাদের নিষিদ্ধ করেছে, বিচারের মুখোমুখি করেছে। সবগুলো পদক্ষেপ কিন্তু এই ছাত্র আন্দোলনের ফলাফল। কিন্তু বিএনপি এ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ পুনর্বাসনের একটা পদক্ষেপ নিয়েছে বিএনপি। সেটা আমরা নির্বাচনের আগেও দেখেছি এখনো দেখছি। আওয়ামী লীগের সাথে বিএনপির একটা সমঝোতা আছে। আমরা বলব এই জায়গা থেকে বিএনপির বের হয়ে আসা উচিত।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে যে ভুল করেছে, তার মাশুল কিন্তু বিএনপিকে দিতে হয়েছে। তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে কাটাতে হয়েছে। বেগম জিয়াকে বছরের পর বছর কারাগারে থেকে নিজের জীবন নিঃশেষ করতে হয়েছে। সেখান থেকে বিএনপি যদি শিক্ষা না নেয়, তাহলে এর পরিণতি কী হবে তা বলতে পারি না।’
তিনি আরো বলেন, ‘স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমরা কর্মসূচি পালন করছি। এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সে কারণে আমরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করছি।’
এ সময় নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, সারজিস আলম, ডা: মো: কামরুল ইসরাম দর্পণ, মো: মোশারফ হোসাইনসহ অন্য নেতারা।
সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে নাহিদ ইসলাম জেলা পরিষদ মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দেন। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








