সেনবাগে পিকআপের গোপন বডি থেকে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
সেনবাগ থানায় উদ্ধার করা ইয়াবা ও পিকআপসহ গ্রেফতার সৈয়দ নুর। নয়া দিগন্ত

নোয়াখালীর সেনবাগে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যানের গোপন বডি থেকে ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে পিকআপের চালক পালিয়ে গেছেন।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে সেনবাগ রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে নোয়াখালীর উদ্দেশে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা-পুলিশ ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় অবস্থান নেয়। পরে টেকনাফের দিক থেকে আসা সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের চেসিস ও বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক পালিয়ে যান। এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল।

এ ঘটনায় গ্রেফতার সৈয়দ নুরের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।