
নীলফামারীর ডিমলা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও অবহেলিত অঞ্চলের বৈষম্য দূরীকরণে কৃষক ও শিক্ষার্থীদের সাহায্যার্থে ব্যাংকসহ দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজ মাঠে ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল বোরো ধানের (ব্রী-ধান ১০৩) উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এনসিসি ব্যাংক পিএলসি এই কৃষি সহায়তা বিতরণের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তুহিন বলেন, ‘উত্তরাঞ্চল বিশেষ করে নীলফামারী ও রংপুর বিভাগের মানুষ দীর্ঘকাল ধরে অর্থনৈতিক ও শিক্ষাগতভাবে বৈষম্যের শিকার। আমাদের অঞ্চলকে মঙ্গাপীড়িত বা পিছিয়ে পড়া হিসেবে দেখার দিন শেষ করতে হবে। আমাদের সন্তানেরা যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ জন্য এনসিসি ব্যাংকের মতো অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকেও মেধাভিত্তিক বৃত্তির সুযোগ তৈরি করে ও শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় এগিয়ে আসতে হবে।’
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাদের এলাকা কৃষিনির্ভর। কৃষকের মুখে হাসি না ফুটলে জাতীয় অর্থনীতি কখনোই টেকসই হবে না। এনসিসি ব্যাংক নিরলস চেষ্টা করে যেভাবে দেড়-দুই মাস ধরে প্রস্তুতি নিয়ে কৃষকদের হাতে সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করে উন্নত জাতের বীজ ও উপকরণ পৌঁছে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। দেশের সবগুলো ব্যাংক যদি এভাবে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে এবং মেহনতি মানুষের সুবিধায় এগিয়ে আসতো, তবে দেশে কোনো অভাবই থাকতো না।’
এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। তিনি বলেন, ‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে বর্তমান সরকারের গৃহীত কৃষি নীতিমালার আলোকে এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকে সারা বাংলাদেশের ২০ থেকে ৩০টি উপজেলায় সরাসরি কৃষি সহায়তার কাজ করছে। প্রান্তিক কৃষকদের শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।
অনুষ্ঠানে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা মোছা. সেতারা সুলতানা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৫০০ কৃষকের হাতে বোরো চাষের বিভিন্ন উপকরণ তুলে দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








