
কক্সবাজারের টেকনাফে লেদা নুরালীপাড়া পাহাড়ে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, বিজিবি ও এসআরবি এর সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের আস্তানা থেকে এ সময় ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে সমুদ্রপথে পাচারের জন্য রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক-সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: কাওসার সিকদার বলেন, পাহাড়ে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে।
পাশাপাশি মানবপাচারের শিকার ৫৭ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে দেয়া এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। এই তথ্যের ভিত্তিতে ওই পাহাড়ি এলাকায় সেনাবাহিনী এপিবিএন বিজিবি এসআরবি তাদের উদ্ধারে অভিযান চালালে সন্ত্রাসীদের সাথে গোলাগুলি শুরু হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








