
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো: রুহুল আমিন অডিটোরিয়ামে বিভাগটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বিদায়ি শিক্ষার্থীদের উদ্দেশে ভিসি বলেন, ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক ও প্রায়োগিক বিষয়ে তোমরা স্নাতক সম্পন্ন করেছ। যে স্বপ্ন নিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলে, তা পূরণ হোক, আমি এ প্রত্যাশা করি। ভবিষ্যতে যে যেখানেই থাকো, এ বিশ্ববিদ্যালয়ের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে এবং নোবিপ্রবির সুনাম ও সুখ্যাতি বৃদ্ধি করবে।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের এই সময়টাকে তোমরা জীবনের শ্রেষ্ঠ অধ্যায় হিসেবে মনে রাখবে এবং অর্জিত অ্যাকাডেমিক জ্ঞানকে কাজে লাগিয়ে পেশাগত ক্ষেত্রে সফলতা অর্জন করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আসন্ন তৃতীয় সমাবর্তন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই এতে অংশ নিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে।’
এ সময় তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও সামাজিক জীবন নীতি-নৈতিকতার মাধ্যমে পরিচালনা করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন প্রধান অতিথি ড. গোলাম রব্বানী। এ সময় আইসিই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








