দুর্নীতি
মান্দায় দুর্নীতির দায়ে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান বরখাস্ত। নয়া দিগন্ত

অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফুল ইসলাম বাবুকে (৫৮) সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

Advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশ জারি করা হয়।

ইউপি সদস্যদের লিখিত অভিযোগ ও তদন্তে সত্যতা

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের নিরপেক্ষ তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়।

এরই পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।

আইনগত ব্যবস্থা ও সরকারি প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান আশরাফুল ইসলামের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় বর্ণিত অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একইসাথে এ আদেশের অনুলিপি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলা প্রশাসক এবং মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের বক্তব্য

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা ও সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর মোবাইল ফোনে সাংবাদিকরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, তবে ফোন রিসিভ না করায় তাকে পাওয়া যায়নি। তাই তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন বলেন, ‘আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’