সোনারগাঁওয়ে পোশাক কারখানা সচল
সোনারগাঁওয়ে পোশাক কারখানা সচল। নয়া দিগন্ত গ্রাফিক্স

সমগ্র নারায়ণগঞ্জজুড়েই যেখানে শ্রমিক অসন্তোষের আভা, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র দেখা গেছে সোনারগাঁও উপজেলায়। এ অঞ্চলের শতাধিক পোশাক কারখানা সচল রয়েছে। মালিকদের আশ্বাস ও প্রতিশ্রুতিতে আস্থা রেখে কর্মস্থলে ফিরেছেন হাজার হাজার পোশাকশ্রমিক।

Advertisement

কাঁচপুর শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, গত তিন দিন ধরে সোনারগাঁওয়ের কাঁচপুর, টিপুরদী ইকোনমিক জোনসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব একাধিকবার কারখানা মালিক ও শ্রমিক নেতাদের সাথে ফলপ্রসূ আলোচনা করেন। তাদের সমন্বিত উদ্যোগেই শিল্পাঞ্চলে শান্তিময় ও কর্মমুখর পরিবেশ বজায় রয়েছে।

এদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে বিভিন্ন স্পটে নিয়মিত শান্তি ও প্রতিবাদ মিছিল পরিচালিত হচ্ছে।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে রয়েছেন। তবে তিনি শিল্পাঞ্চলের সার্বিক সুরক্ষায় আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য আমরা মহাসড়কে সতর্ক পাহারা দিচ্ছি। পাশাপাশি মালিক ও শ্রমিকদের সাথে নিরবিচ্ছিন্ন আলোচনা চালিয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সামান্য অস্থিরতা দেখা গেলেও নারায়ণগঞ্জ-৩ আসনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না।

কাঁচপুর ও টিপুরদী ইকোনমিক জোন সংলগ্ন শিল্প এলাকায় পরিচালিত অবস্থান কর্মসূচিতে স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।