
সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে দল বেঁধে কাজে ফিরতে শুরু করেছেন। হেমায়েতপুরের একেএইচ গ্রুপ, ফুলবাড়িয়া, পৌর এলাকার উলাইল ও সাভার রেডিও কলোনির আল-মুসলিম গার্মেন্টসসহ অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। এতে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে।
সাভার রেডিও কলোনির আল-মুসলিম গার্মেন্টসে দুপুরের খাবারের বিরতির পর ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন কারখানাটির অপারেটর শফিকুর রহমান। অন্যদিকে, হেমায়েতপুরের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। হেমায়েতপুরের পদ্মার মোড়ে পোশাক কারখানায় নৈরাজ্য ঠেকাতে বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিও লক্ষ করা গেছে।
অপরদিকে, তৈরি পোশাক কারখানায় নৈরাজ্য ঠেকাতে সাভারে পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নবীনগরের জয় রেস্তোরাঁর সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে দলীয় নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








