
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে খায়রুল শেখ (২৪) পলাতক রয়েছেন।
পরিবার ও প্রতিবেশীরা জানান, বেকার ছেলে খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে বাগ্বিতণ্ডা করত। টাকা না পেয়ে মাঝে-মধ্যে বাড়ির বিভিন্ন ধরনের জিনিসপত্র ভাঙচুরও করত। এরই জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে খায়রুল। একপর্যায়ে খায়রুল বটি দিয়ে হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে বাবাকে হত্যা করে। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনার পর খায়রুল পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পলাতক ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








