লিডিং ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন
লিডিং ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন। নয়া দিগন্ত

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাব ষষ্ঠবারের মতো আয়োজন করেছে পর্যটন মেলা-২০২৬। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে বুধবার (৪ নভেম্বর) দুই দিনব‍্যাপী এই মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মালিক।

Advertisement

এমপি আব্দুল মালিক বলেন, ‘এই অঞ্চলের উন্নয়নে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীর অবদান বলে শেষ করা যাবে না। শিক্ষা ও স্বাস্থ্য ব‍্যবস্থার উন্নয়নে তার প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ এ অঞ্চলে আরো দক্ষ জনশক্তি গড়ে তোলার জন‍্য তিনি ড. সৈয়দ রাগীব আলীকে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

লিডিং ইউনিভার্সিটিকে দেশের একটি শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় উল্লেখ করে তিনি  বলেন, ‘সিলেটে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। তাই সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নে এ অঞ্চলের যোগাযোগ ব‍্যবস্থা থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী প্রচারণায় বর্তমান সরকারের সুদৃষ্টি রয়েছে।’

সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ট‍্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের ভূমিকার প্রশংসা করে তিনি লিডিং ইউনিভার্সিটিতে তৃতীয় ভাষা শিক্ষা কোর্স চালু করার বিষয়েও পরামর্শ দেন।

তিনি লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস কামালবাজার থেকে সিলেট শহর পর্যন্ত  যাতায়াতের রাস্তার উন্নয়ন কাজ এ বছরের মধ‍্যে শুরু হবে হলে আশ্বাস প্রদান করেন। এছাড়া লিডিং ইউনিভার্সিটিকে এই অঞ্চলের সবার ইউনিভার্সিটি বলে উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন‍্য সব সময়ই পাশে থাকবেন বলে জানান এমপি আব্দুল মালিক। তিনি সিলেট-৩ আসনের উন্নয়নের জন‍্য দক্ষিণ সুরমায় একটি স্টেডিয়াম প্রতিষ্ঠাসহ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠের ব‍্যবস্থা করা হবে বলেও জানান।

পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী বলেন, ‘পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। তাই গুরুত্বপূর্ণ এই সেক্টরে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন। সেইসাথে পর্যটন শিল্পের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করতে হবে।’

প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি সিলেটে পর্যটকদের নিরাপত্তা ও ভালো যোগাযোগ ব‍্যবস্থা গড়ে তুললে এ শিল্প আরো প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি সিলেট ও অত্র অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের উদ‍্যোগের প্রশংসা করেন। পাশাপাশি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় থেকে সিলেট শহর পর্যন্ত রাস্তার উন্নয়নে সহযোগিতা প্রত‍্যাশা করেন।

লিডিং ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন সংসদ সদস্য এম এ মালিককে লিডিং ইউনিভার্সিটিতে এসে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন‍্য ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট পর্যটন শিল্পের উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ নেয়া প্রয়োজন। এ ধরনের আয়োজন পর্যটকদের মধ্যে নতুন করে ভ্রমণের উদ্দীপনা তৈরি করে যা পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিবে বলেও উল্লেখ করেন তিনি।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই ও বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে টেকসই পর্যটন বিষয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম‍্যানেজমেন্ট অ্যান্ড ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল হামিদ।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মো: মাহবুবুর রহমান ও ট‍্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো: সাজেদুল ইসলাম সরকারের সমন্বয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ‘TRAVEL JAZZ  Volume-4’ ম‍্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

এবারের মেলায় ট‍্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন বাংলাদেশের পর্যটনবিষয়ক স্টরি টেলার শফিউল আযম।

এলইউটিসি পর্যটন মেলা-২০২৬-এর টাইটেল স্পন্সর সুজুকি বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় নানা আকর্ষণীয় অফার ও বিশেষ ছাড় নিয়ে এবারের মেলায় অংশ নিয়েছে ২০টিরও বেশি পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, বেকারি ও বারিস্তা ট্রেনিং সেন্টার। মেলায় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

মেলায় অংশগ্রহণকারীদের জন্য পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি সেবা গ্রহণের সুযোগ রয়েছে। এর মাধ্যমে তারা নিজেদের পর্যটন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে পারবেন। আগামী ৫ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত লিডিং ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ পর্যটন মেলা চলবে।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো: রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, সুজুকি বাংলাদেশের সিএও মোশাররফ খান কালাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক, কর্মকর্তা ও ট্যুরিস্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মিসেস জোহরা জামিন জোহা।