শ্রমিক আন্দোলন
৪ ঘণ্টা বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। নয়া দিগন্ত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে টানা প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল ঢাকা- নারায়ণগঞ্জ সংযোগ (লিংক) সড়কের যান চলাচল। এর ফলে তীব্র যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে বিকেল ৫টার দিকে শ্রমিকরা সড়ক ত্যাগ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বেলা আড়াইটার দিকে ভূঁইগড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির মুখোমুখি অবস্থান তৈরি হয়। বৃষ্টির কারণে শ্রমিকরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হলেও পরবর্তীতে শিবু মার্কেট এলাকায় পুনরায় জড়ো হন।

আন্দোলনরত মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিক শহিদুল ইসলাম ও হাবিবুর রহমান জানান, বিদ্যমান ১২,৫০০ টাকা বেতন এবং বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাসা ভাড়া ও সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে জীবনযাত্রার খরচ মেটাতে তারা বেতন বাড়িয়ে ৩০,০০০ টাকা করার জোর দাবি জানান। আন্দোলনকারীরা ঢাকা ও গাজীপুরে শ্রমিক হতাহতের ঘটনার প্রতিবাদও জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছিল। নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আশ্বাস প্রদান করা হলে শ্রমিকরা আন্দোলন শেষ করে সড়ক ছেড়ে দেন।