
সিলেট সদর উপজেলার জালালাবাদে বেসরকারি সংস্থা আশার এক মাঠকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৬ হাজার ৫৫০ টাকা ছিনতাইয়ের মামলায় সাব্বির খান (৩৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সোমবার (২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার খলিল খানের পুত্র। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় নাশকতা, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা রয়েছে বলে এসআরবি জানিয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৪০ থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও এলাকায় তিনটি দলের সঞ্চয় ও ঋণের কিস্তি আদায় শেষে মোটরসাইকেলে করে শাখা অফিসে ফিরছিলেন আশা’র টুকেরবাজার-১ শাখার মাঠকর্মী সামছুল হক। পথে সিলেট-বাদাঘাট সড়কের কুমারগাঁও এলাকায় শাহ খুররম ডিগ্রি কলেজের প্রায় ২০০ গজ দক্ষিণে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা হেলমেট ও মুখোশ পরিহিত চার ব্যক্তি তাঁর গতিরোধ করে। এসময় ধারালো দা ও ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তাঁর কাঁধে ঝোলানো ব্যাগের ফিতা কেটে নেয় দুর্বৃত্তরা। ব্যাগে থাকা কিস্তির ৮৬ হাজার ৫৫০ টাকা, সঞ্চয়, উত্তোলন ও ফেরত রেজিস্টার, সদস্যদের পাসবই, ঋণের ফরম এবং মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় আশা’র টুকেরবাজার-১ শাখার ব্যবস্থাপক অমিতাভ দাস চৌধুরী বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন। মামলাটি দায়েরের পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে এসআরবি-৯। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বির খানকে গ্রেফতার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








