
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সফল আত্মকর্মী ও প্রশিক্ষিত যুবকদের মাঝে পুরস্কার এবং যুবঋণের চেক বিতরণ করা হয়। শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ ও আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা: মো: হুমায়ুন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার এসএম বায়েজিদ আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মো: আলাউদ্দিন।
এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী কর্মসূচী। এর মধ্যে রয়েছে যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা, স্বেচ্ছায় রক্তদান, পুকুর পরিষ্কার, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও ক্রীড়া অনুষ্ঠান।
কর্মসূচীর শেষ দিনে সামাজিক সম্প্রীতি, মাদক, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








