সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন। নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় অপহৃত ১০ বছর বয়সী স্কুলছাত্রী মারুফা আহমেদ তূর্নীকে দ্রুত উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। একই সাথে জামিনে মুক্ত দুই আসামির বিরুদ্ধে মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ করেছেন শিশুটির বাবা।

Advertisement

রোববার (১ নভেম্বর) দুপুরে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিশুটির বাবা মো: ফিরোজ আহমেদ মারুফ অভিযোগ করেন, গত ২৯ আগস্ট সকালে স্কুলে যাওয়ার পথে উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা এলাকা থেকে তার মেয়েকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, এ ঘটনায় রনি মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার দুই আসামি সানি ও মাসুদ গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

অপহরণের দুই মাস পার হলেও মেয়েকে উদ্ধার করতে না পারা এবং আসামিদের হুমকির কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান শিশুটির বাবা। তিনি মেয়েকে দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে অপহৃত শিশুটির বাবা মো: ফিরোজ আহমেদ মারুফ ও মা রিমা খানম উপস্থিত ছিলেন।