রাজশাহীতে ফুটপাতের ব্যবসায়ীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। নয়া দিগন্ত

রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বিনোদপুর বাজার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। পরিদর্শন শেষে বিনোদপুর সিটি মার্কেটে বাজার সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি বাজার এলাকার বিভিন্ন মার্কেট পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের সম্ভাবনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা করেন রাসিক প্রশাসক। এ সময় ব্যবসায়ীরা পুনর্বাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের মাধ্যমে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি করপোরেশন কাজ করছে।

নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন বাবু, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বরজাহান আলী, সমিতির সাবেক সভাপতি শাহজাহান আলী, ব্যবসায়ী রব্বান আলী ও সাইদুর রহমান।

সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদর রহমান ইমনসহ বাজার সমিতির সদস্য ও ফুটপাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক লিটনুর রহমান লিটন, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি আজাদ আলী ও সাধারণ সম্পাদক আব্বাস আলী, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামিল ও সাধারণ সম্পাদক শাহাদ আলী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান আলী, ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মুকুল আলী এবং ২৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।