হত্যা মামলা
নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম। নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব আলোচিত শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতারের পর আরো দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইনের অনুসারী বলে স্থানীয় জানা গেছে।

আটককৃতরা হলেন গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আলআমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে আনিসুর রহমান (২৫)।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদেরকে মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, তা পরে জানানো হবে।’ তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চাননি তিনি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম (প্রশাসন ও অর্থ) বলেন, ‘শাকিল ইসলাম হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও কচুগাড়ী এলাকা থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদেরকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলায় গ্রেফতার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’

এর আগে একই মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে তার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হলে সেখানে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর রাতে তিনি মারা যান।