ভূমিমন্ত্রী
রাজশাহী রেশম কারখানায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। নয়া দিগন্ত

ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এ লক্ষে কারখানায় আরো বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।’ 

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁতচারা রোপণ ও রাজশাহী রেশম কারখানার পাওয়ার লুম চালুকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহী সিল্কের সুনাম বিশ্বজুড়ে। একসময় এ শিল্প ছিল রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু ধীরে ধীরে রেশম কারখানাটি তার ঐতিহ্য হারিয়েছে। এই শিল্পকে আবারো আগের অবস্থানে ফিরিয়ে আনতে উৎপাদন বাড়ানো এবং কারখানার কার্যক্রম গতিশীল করা প্রয়োজন।’

কারখানার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে, যাতে কারখানাটি আবারো তার হারানো গৌরব ফিরে পায়। কারখানা বা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ নেই; এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত সবাইকে ভোগ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের ভাই। সব সময় আপনাদের পাশে রয়েছি এবং থাকব। রাজশাহী রেশম কারখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, তা করা হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: তৌফিক আল মাহমুদ এবং বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নান। 

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকারসহ রেশম কারখানার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে রাজশাহী রেশম কারখানায় পাওয়ার লুম চালু করা হয় এবং তুঁতচারা রোপণ করা হয়।