
গাজীপুরের জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শুভ আহমেদ (২০), ইয়াসিন (২৬) ও সারোয়ার হোসেন হৃদয় (২৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মাদক কারবারের খবর পেয়ে অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। তাদের ফাঁড়িতে নিয়ে একটি কক্ষে রাখা হয়। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে একদল মাদক কারবারি ফাঁড়িতে হামলা চালায়। তারা তালাবদ্ধ কক্ষে এলোপাতাড়ি কোপ দিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে পুলিশের টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রেলওয়ে পুলিশ মামলা করে। এরপর গাজীপুর সদর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ‘হামলার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। সদর থানা পুলিশ, ডিবি ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








