শ্রমিক, বস্তাবন্ধী, লাশ উদ্ধার, পরকীয়া
ভাড়া ঘর থেকে এক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া ঘর থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত বাঁধা এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপও পাওয়া গেছে। 

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেয়া একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি জানাজানি হয়। 

নিহত নাদিম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা গেছে, গত বুধবার সকাল ৭টার দিকে কালিবাড়ি এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় নাদিমের স্ত্রী খাদিজার সাথে প্রতিবেশী হাকিম মোল্লা নামে এক ব্যক্তির পরকীয়ার সম্পর্ক থাকার অভিযোগে রয়েছে। ঘটনার পর থেকে হাকিম পলাতক রয়েছেন। 

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ঘর থেকে নাদিমের লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে ভাড়াটে হিসেবে থাকতেন হাকিম। তার বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে। নাদিমের স্ত্রীর সাথে হাকিমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। 

আড়াইহাজার থানার ওসি মো: সবজেল হোসেন বলেন, ‘লাশটি অর্ধগলিত হয়ে গেছে। নাদিমের হাত বাঁধা ছিল এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপ পাওয়া গেছে।’

তিনি আরো বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’