পুলিশ
ব্রাহ্মণপাড়া সীমান্ত। নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশী পুলিশ সদস্যকে ১৩ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান ও কনস্টেবল রোহিত।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে রাতের দায়িত্ব পালন করছিলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত। এ সময় তারা উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযানে যাচ্ছিলেন।

পথে পুলিশ সদস্যদের দেখে মাদককারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে ভারতীয় মাদককারবারিরা দুই পুলিশ সদস্যকে আটক করে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয় বলে জানা গেছে।

এদিকে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ চলছে। তবে তাদের ফেরত দেয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।