
চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে মায়ানী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা আয়োজনের বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি তৈরি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে।’
এমপি নুরুল আমিন বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদেরও খেলাধুলা আয়োজনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’
এমপি বলেন, ‘আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে দলকে আরো শক্তিশালী করতে হবে।’
মায়ানী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম হাসানের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্যসচিব শাহাদাত হোসেন সাগরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সাবেক সদস্যসচিব মুসা মিয়া, উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সচিব মহিউদ্দিন বাদল, উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্যসচিব নাঈম সরকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








