শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার। প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ইউসুফ আলী (৫) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাতলা উপজেলার বড় বালুয়া এলাকায় বালুয়াহাট ডিগ্রি কলেজের পেছনের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, প্রায় দেড় বছর আগে শিশু ইউসুফের বাবা পলাশ ও মা রিনির বিবাহবিচ্ছেদ হয়। পরে রিনি শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মাহাবালা গ্রামের উজ্জ্বল ইসলামকে বিয়ে করেন। বিয়ের পর মা রিনি ও তার দ্বিতীয় স্বামী পেশায় বাসচালক উজ্জ্বলের সাথে সোনাতলার বালুয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকত শিশু ইউসুফ।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সোনাতলা উপজেলার বড় বালুয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হয় ইউসুফ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন সোমবার (১২ অক্টোবর) সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার সৎবাবা উজ্জ্বল ইসলাম।

নিখোঁজের তিন দিন পর আজ বুধবার দুপুরে স্থানীয়রা ধানক্ষেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন জানান, শিশুটির শরীর অর্ধগলিত অবস্থায় ছিল। এছাড়া শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল। হাত-পায়ের গোড়ালি ও মাথার কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় সেগুলো উদ্ধারে ধানক্ষেত ও পাশের পুকুরপাড়ে তল্লাশি চালানো হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ভারী কোনো বস্তু দিয়ে শিশুটিকে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।