পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
পুলিশ সুপারের সংবাদ সম্মেলন। নয়া দিগন্ত

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন বিক্রি করে পাওয়া টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। পরে সেখান থেকে চার শিক্ষার্থী হবিগঞ্জের চুনারুঘাটে চলে যায়।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো: আনিসুজ্জামান।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছেলের সাথে পরিচয়ের সূত্র ধরে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া চার শিক্ষার্থীই কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

সোমবার (১২ অক্টোবর) সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। তবে কেউই স্কুলে উপস্থিত হয়নি। বিকেলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে জানানো হয়। পরে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ সুপার মো: আনিসুজ্জামান জানান, নিখোঁজের ঘটনা তদন্তে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়। পরে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় চার ছাত্রীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শিক্ষার্থীদের দেয়া তথ্যের ভিত্তিতে বিক্রি করা মোবাইলফোন ও অন্যান্য আলামত উদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সাথে তাদের যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সন্তানদের অনলাইন কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।