
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, আব্দুল আজিজ মাস্টার, আব্দুল জলিল, আরিফুল ইসলাম ইমন উপস্থিত ছিলেন।
জানা গেছে, মহাসড়কের দুই পাশে কাঁচাবাজার, মাছ, সবজি, কাপড়, জুতা ও ফলের পসরা সাজিয়ে ব্যবসায়ীরা কেনাবেচা করে আসছিলেন। এতে মহাসড়ক সরু হয়ে যাওয়ায় যানজট পোহাতে হয় দূরপাল্লার যাত্রীদের। সাওঘাট থেকে ভুলতা পর্যন্ত মহাসড়কের একপাশে কাঁচাবাজার ও অপর পাশে কাপড়, জুতা, ফলের দোকানদারদের দখলেই ছিল। এছাড়াও মহাসড়ক জুড়ে পিকআপভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেটকারের একাধিক স্ট্যান্ড ছিল।
অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল-সাওঘাট এলাকা পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা এ সকল অবৈধ স্ট্যান্ড, দোকানপাট বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। সোমবার মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। তাতে অনেক ব্যবসায়ী নিজেরাই তাদের দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেন।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।’
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হয়েছে। ৪০ জন স্বেচ্ছাসেবী মহাসড়ক যানজটমুক্ত রাখতে নিয়মিত কাজ করবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।‘
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








