
নাটোরে নলডাঙ্গা উপজেলায় বারনই নদীতে পড়ে কাবিল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের বারনই নদীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাবিল পিপরুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ মধ্যপাড়া গ্রামের মো: আদম ও মোসা: হাওয়া দম্পতির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের মামাতো ভাই মুজিবুর রহমান মধু বলেন, সোমবার দুপুরে বারনই নদীর দক্ষিণ পাড়ের তীরে কাঁদামাটিতে মাথা ও মুখমণ্ডল গোঁজা অবস্থায় এবং বুক থেকে পা পর্যন্ত পানিতে নিমজ্জিত অবস্থায় ছিল কাবিল। পরে নদীর উত্তর পাড়ের লোকজনের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে কাবিলের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, কাবিল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। ধারণা করা হচ্ছে, নদীর পাড় ঘেঁষে চলাচলের সময় মৃগী রোগের খিঁচুনি উঠে তিনি পানিতে পড়ে যান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








