সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল
তাহিরপুর উপজেলায় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। নয়া দিগন্ত

বিগত ১৭ বছর নৌকায় হিন্দু সম্প্রদায় ভোট দিলেও মন্দির, মসজিদ, গির্জার কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

Advertisement

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত দিনে সুবিধাবাদীরাই সুবিধা ভোগ করেছে, কারা আপনাদের ব্যবহার করেছে তা বুঝতে হবে। তবে সবাই মনে করত হিন্দু সম্প্রদায়ের লোকজন নৌকায় ভোট দেয়, কিন্তু এবার তারা দেখিয়ে দিয়েছে তারা নৌকায় ভোট না দিয়ে ধানের শীষে ভোট দিয়েছে।

তিনি আরো বলেন, একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করবে, সেই গুজবে কান দেয়া যাবে না। যাচাই-বাছাই করে পরে পদক্ষেপ নিতে হবে। যে অপরাধী তাকেই শাস্তি ভোগ করতে হবে, তার বিরুদ্ধেই পদক্ষেপ নেয়া হবে। সে যার সাথে চলুক আর শক্তিশালী হোক, কোনো ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় কথাগুলো বলেন তিনি।

এ সময় তিনি আরো জানান, মন্দিরে মদ খেয়ে কাউকে প্রবেশ করতে দেয়া যাবে না, সে যত বড় নেতা আর শক্তিশালী হোক, তাকে বেঁধে আমাকে খবর দেবেন, আমি ব্যবস্থা নেব। প্রতিটি মন্দিরে সবাই মিলে কঠোর নজরদারি নিজ নিজ অবস্থান থেকে রাখতে হবে। প্রশাসনও কঠোর পদক্ষেপ নেবে নিরাপত্তার জন্য।

তিনি আরো জানান, আমাদের প্রধানমন্ত্রী চান এবার সবচেয়ে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের প্রধান ধর্মীয় উৎসব পালন করবে। তার বিগত দিনে যে বরাদ্দ দেয়া হতো, এবার তা বাড়ানো হয়েছে সারা বাংলাদেশের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পাশে আছেন, আমিও আছি, থাকব আপনাদের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ, ওসি তদন্ত সুশংকর পাল, উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, বিজিবি সহকারী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, ডাঃ নওশাদ আহমেদ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, সাইদুল কিবরিয়াসহ উপজেলার প্রতিটি মন্দিরের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদকগণ বক্তব্য রাখেন। এবং পূজা উদ্‌যাপন পরিষদ ও পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।