চসিক
চসিকের উচ্ছেদ অভিযানে মেয়র ডা: শাহাদাত হোসেন। নয়া দিগন্ত

চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরীর গুরুত্বপূর্ণ এ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।

অভিযানকালে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেয়া হয়। একই সাথে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন মেয়র।

ডা: শাহাদাত হোসেন বলেন, ‘ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা পণ্যসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে চসিকের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি দোকানদার ও ব্যবসায়ীদের নির্ধারিত জায়গার বাইরে মালামাল না রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার আহ্বান জানান। 

একই সাথে নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের সিটি করপোরেশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।