ঈদগাঁও থানায় ছিনতাই মামলায় গ্রেফতার ২ যুবক
ঈদগাঁও থানায় ছিনতাই মামলায় গ্রেফতার ২ যুবক । নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক কিশোরকে আটকে রেখে টাকা ছিনিয়ে নেয়া ও বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি লামারপাড়া এলাকার মো: ফয়সাল (২৬) ও ইব্রাহিম (২৫)।

পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর সকালে ১৭ বছর বয়সি সঞ্জয় কান্তি দাশ প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঈদগাঁও বাস স্ট্যান্ড থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ঈদগাঁও-ঈদগড় সড়কের জনৈক কবির কোম্পানির কলোনির একটি কক্ষে আটকে রেখে তার পকেট থেকে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এরপর তাকে মারধর করে তার মায়ের মোবাইলফোনে কল দিয়ে বিকাশের মাধ্যমে আরো আট হাজার ৬৬০ টাকা আদায় করে।

ঘটনার পর ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়। ওসি এ টি এম সিফাতুল মাজদার বলেন, ‘এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে ও আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেফতার করের আদালতে পাঠানো হয়েছে।’