লাঠিয়াল, লাঠি খেলা, ঐতিহ্য, দর্শক
লাঠিয়ার বাহিনীর কসরতে মুগ্ধ দর্শকরা। নয়া দিগন্ত

গ্রামীণ বাংলার প্রাচীন লোকসংস্কৃতি ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে টিকিয়ে রাখতে চুয়াডাঙ্গার জীবননগরে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট ও আকর্ষণীয় লাঠি খেলা। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জীবননগর পশু হাসপাতালের সামনের খোলার মাঠে ঐতিহ্যবাহী পুরন্দপুর লাঠিয়াল বাহিনীর উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

দলনেতা ও বীর লাঠিয়াল রোওশনের বীরত্বপূর্ণ নেতৃত্বে এ প্রদর্শনীতে অংশ নেন অভিজ্ঞ লাঠিয়াল জালাল, শাহাজান, কাগু ও আলম। খেলা শুরুর সাথে সাথেই লাঠির ঝনঝনানি, কাঁসার আওয়াজ আর ঢোলের সুরের তালে তালে লাঠিয়ালদের হুঙ্কারে পুরো হাসপাতাল প্রাঙ্গণ এক মুখরিত উৎসবের রূপ নেয়। লাঠিয়ালদের বুক কাঁপানো রোমাঞ্চকর কসরত, চটজলদি আক্রমণ ও নিখুঁত আত্মরক্ষার কৌশল দেখে মুহুর্মুহু হাততালিতে ফেটে পড়েন উপস্থিত দর্শনার্থীরা।

বিলুপ্তপ্রায় এই গ্রামীণ বিনোদন প্রত্যক্ষ করতে দুপুর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে শত শত উৎসুক জনতার ঢল নামে। খেলা দেখতে আসা স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদনের ভিড়ে বাংলার এ ঐতিহ্যবাহী খেলাগুলো আজ প্রায় বিলুপ্ত। জীবননগরে বহু দিন পর এমন চোখঝাঁড়ানো আয়োজন দেখতে পেয়ে তারা সত্যিই আনন্দিত ও অভিভূত।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতির এ অনন্য রূপকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে নিজস্ব ঐতিহ্যকে পরিচিত করে তুলতেই নিয়মিত তারা এ ধরনের প্রীতি প্রদর্শনীর আয়োজন করে আসছেন।