
নিহত স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে বিভিন্নভাবে অপরাধের সাথে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি গন্ধমতিতে অপ্রতীমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অভিযোগ করেন।
নাহিদা বেগম জানান, বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা চলছে। ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি মাদকসেবী ও মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। এ কারণে তার ছেলেকে টার্গেট করা হয়ে থাকলে তা তিনি মেনে নেবেন না।
তিনি বলেন, ‘আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেয়া হোক। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছোট ছেলেকে অপরাধী বানানোর চেষ্টা আমি মেনে নেব না।’ তিনি অপ্রতীম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
এ সময় কুমিল্লার পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু, তারেক আবদুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকারসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানান।








