
বন্ধুদের সাথে ছবি তুলতে বের হয়ে ১৩ বছর বয়সী অপ্রতিম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি শালবন এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছে তার পরিবার।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা নাহিদা নাহিদের ছেলে এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল।
পরিবারের ভাষ্য, নিজের আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি।
সন্তানকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তার মা নাহিদা নাহিদ লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান।’
পরিবার জানিয়েছে, বিষয়টি থানায় জানানো হয়েছে। নিখোঁজের পর অপ্রতিমের ব্যবহৃত ফোন নম্বর ট্র্যাক করার চেষ্টা করা হলেও তার কোনো অবস্থান পাওয়া যায়নি।
পরিবারের ধারণা, আইফোনটি বর্তমানে অপ্রতিমের কাছে নাও থাকতে পারে। তার ফেসবুক আইডি যে ফোনে লগইন করা ছিল, সেটিও সে বাসায় রেখে গেছে।
অপ্রতিমের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য থাকলে পরিবারের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যোগাযোগ : ০১৭১৯৬২৫৬৯০, ঠিকানা : গন্ধমতি, কোটবাড়ি, দক্ষিণ বাগমারা, সদর দক্ষিণ, কুমিল্লা।







