
বিশ্ব শান্তি দিবসে ফেনীকে সন্ত্রাস, সহিংসতা ও দুর্বৃত্তায়নমুক্ত শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক সংগঠন ও ধর্মীয় নেতারা।
সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র ও প্রতিদিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তারা। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ফেনী সদর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা অংশ নেন। এ সময় তারা হাতে হাত রেখে শান্তির পক্ষে ঐক্যবদ্ধ থাকার শপথ করেন।
নেতারা বলেন, এক সময় ফেনীকে সন্ত্রাসের জনপদ বলা হতো। অতীতে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে তারা উল্লেখ করেন।
তারা বলেন, অতীতে ফিরে যেতে চান না তারা। ফেনীকে শান্তির জনপদে রূপান্তর করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ফেনীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলেও তারা মত দেন।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পিএফজি ফেনী সদর উপজেলার আঞ্চলিক কো-অর্ডিনেটর ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু, বাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক মালেক মনসুর, ভাসানী ন্যাপ জেলা সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার, এবি পার্টির নেত্রী জাহানারা আক্তার মনি, ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আ.ন.ম আবদুর রহিম, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূইয়া, নারী নেত্রী নূর তানজিলা রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।
পিএফজি ফেনী সদর উপজেলা কো-অর্ডিনেটর মোরশেদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমির কর ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, হিন্দু ধর্মীয় পূরোহীত নারায়ন চক্রবর্তী ও খ্রীষ্টান ধর্মের প্রতিনিধি সুধির সরকার প্রমুখ।








