
ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম হঠকারীভাবে বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের রক্ষা করতেই বারবার জনগণের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে এই গণবিরোধী ও জনরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
মহানগরীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি রাকিব হাসান, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমির এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমির জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানার আমির আব্দুল্লাহ আল মামুন, সোনাডাঙ্গা থানার সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।







