রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও তারাবো পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও তারাবো পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নয়া দিগন্ত

‎ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘বেদখল হওয়া সরকারি জমির একভাগও ছাড় দেয়া হবে না। যারা সরকারি জমি দখল করে রেখেছে, তাদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে।’ 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগারের উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ, পৌর শিশু পার্কের আধুনিকায়ন এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক মো: রায়হান কবিরের সভাপতিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘এ সরকার রাতের ভোটের সরকার নয়, এ সরকার গণতান্ত্রিক সরকার। তারেক রহমানের সরকার ১৮ কোটি মানুষের নির্বাচিত সরকার। অতএব, সারা বাংলাদেশের পাশাপাশি রূপগঞ্জেও যেখানেই সরকারি জমি দখলে রাখা হয়েছে তা পুনরুদ্ধার করা হবে। সরকারি জমি উদ্ধারের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।’ 

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ‘আজকে রূপগঞ্জের মানুষ ভূমিহীন হয়ে পড়ছে। তাদের ঠকানো হচ্ছে। নিরীহ এসব মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করতে হবে। এছাড়া একশ্রেণির লোকেরা সরকারি জমিগুলো দখল করে রেখেছে। আজকে ছেলে-মেয়েদের খেলাধুলার মাঠ নেই।’ 

তিনি বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করে খেলাধুলার জন্য মাঠ তৈরি করার দাবি জানান। 

‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।