পানির মোটর, দরজার তালা কেটে চুরি, নগদ টাকা, স্বর্ণালংকার, চুরি
মিরসরাইয়ে তালা কেটে স্বর্ণ-টাকা চুরি নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ির দরজার তালা কেটে স্বর্ণালংকার, নগদ টাকা, পানির মোটরসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরের দল দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে। পরে আলমিরা ভেঙে এক ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, পানির মোটরসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্য সুলতান আহম্মদ বলেন, বাড়িতে কেউ না থাকার বিষয়টি জেনেই চোরেরা চুরি করতে আসে। কয়েকদিন আগেও ঘর থেকে পানির মোটর, কলসহ কয়েকটি জিনিস নিয়ে যাওয়া হয়েছিল। এবার দরজা ভেঙে স্বর্ণালংকার, টাকা ও আরো একটি মোটর নিয়ে গেছে। চুরির ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’