মেলান্দহ থানা, জামালপুর
মেলান্দহ থানা, জামালপুর নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের নাতি তামীম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাতাসী বেওয়া পূর্ব শ্যামপুর এলাকার মরহুম সিদ্দিক পাঠানের স্ত্রী। আহত তামীম একই গ্রামের মুছা পাঠানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বাতাসী বেওয়ার নাতি তামীম বসতঘরে থাকা একটি স্টিলের শোকেস সরানোর চেষ্টা করছিলেন। এ সময় ঘরের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শোকেসের ওপর পড়ে। এতে শোকেসটি বিদ্যুতায়িত হয়ে তামীম বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় নাতিকে বাঁচাতে এগিয়ে গেলে বাতাসী বেওয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দু’জনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাতাসী বেওয়াকে মৃত ঘোষণা করেন। আহত তামীমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বসতঘরের আসবাবপত্র সরানোর সময় জিআই তারের সাথে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।