এইচএসসি রেজাল্ট
কুমিল্লা শিক্ষাবোর্ড। সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে জানা যায়, এবার এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯৫ হাজার ৯৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯২ হাজার ১৬২ জন। পাস করেছে ৪৪ হাজার ২৭২ জন। সার্বিক পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।

এবার মেয়ে পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৪৩৪ জন। তাদের মধ্যে পাস করেছে ২৮ হাজার ৪১৫ জন। মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে, ছেলে পরীক্ষার্থী ছিল ৩৬ হাজার ৭২৮ জন। তাদের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৮৫৭ জন। ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে রয়েছে মেয়েরা। এবার মেয়েদের মধ্যে ৮২১ জন এবং ছেলেদের মধ্যে ৪৯২ জন জিপিএ-৫ পেয়েছে।

গত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭০৭ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার শূন্য দশমিক ৮২ শতাংশ  কমেছে। অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে এক হাজার ৩৯৪ জন।