
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের আরো কার্যকর ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অধ্যক্ষরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়ন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। পাশাপাশি কলেজ শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কেও ধারণা লাভ করবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সম্মেলনে অংশ নিতে অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে (https://collegeportal.nu.ac.bd/) কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’ অপশনে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করতে হবে। নিবন্ধনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধন সম্পন্ন করার পরই সম্মিলনে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।
অনিবার্য কারণে কোনো অধ্যক্ষ সম্মেলনে উপস্থিত হতে না পারলে তার পরিবর্তে সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষ নিবন্ধন করে অংশ নিতে পারবেন। সম্মেলনে যোগদানের জন্য অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বিধি অনুযায়ী টিএ/ডিএ গ্রহণ করতে পারবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








