
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন–২০২৬-এ সভাপতি পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মুশতাক আহমেদ নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো: মাসুদুর রহমানসহ তিন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক সহযোগী অধ্যাপক মো: আব্দুর রহিম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে দৈনিক সকালের সময়ের মাহাদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মো: ফাহিম এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার মো: জয় ভাঙ্গী নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক স্বদেশের কণ্ঠের মোফাসসেরুল হক তন্ময়, আর প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক অগ্রদূতের ফারহান সাদিক রাহাত।
এ ছাড়া দফতর সম্পাদক পদে ঢাকা ইনসাইটের মেহেদী হাসান সাগর, সহ-দফতর সম্পাদক পদে ক্যাম্পাস রিপোর্টের মোহাম্মদ সফিউল্লাহ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য-১ পদে বাংলাদেশ নিউজ ২৪-এর তাবরিজ আল আমিন এবং কার্যকরী সদস্য-২ পদে পাবলিকিয়ান টুডের মাসুদা আক্তার রিফা জায়গা পেয়েছেন।
সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ বলেন, ‘সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন। সবাইকে সাথে নিয়ে সমিতিকে আরো গতিশীল ও সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতায় পবিপ্রবি সাংবাদিক সমিতিকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।’
নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ওপর আস্থা রেখে পবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সংবাদ জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। ‘সত্য প্রকাশে আপোসহীন’ এ স্লোগানকে আরো শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি। নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








