
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামের যথাযথ বাস্তবায়ন জরুরি।’
শনিবার (১০ অক্টোবর) বাউবির গাজীপুর ক্যাম্পাসে ভিসির কনফারেন্স কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে ‘টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন ওবিই কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘প্রচলিত পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জন নিশ্চিত করতে ওবিই কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ ব্যবস্থার সফল বাস্তবায়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং নিয়মিত কর্মশালার ওপর গুরুত্ব দিতে হবে।’
ভিসি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এ উদ্যোগ শিক্ষকদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির উন্নয়নে সহায়ক হবে। একই সাথে অন্য বিভাগেও এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে অনুকরণীয় হতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার।
অধ্যাপক আবুল কালাম বলেন, ‘ওবিই কারিকুলামের কার্যকর বাস্তবায়নে অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতা কাজে লাগাতে হবে। পাঠদান ও শিক্ষার্থী মূল্যায়নের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে শিক্ষার মানোন্নয়নে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন বিভাগের অধ্যাপক ও রিসোর্স পারসন ড. মোহাম্মদ আবুল কাওসার। তিনি ওবিই কারিকুলামের গুরুত্ব, বাস্তবায়ন কৌশল এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন। কর্মশালায় ইতিহাস বিভাগের শিক্ষকরা অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








