সমাজকল্যাণমন্ত্রী
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণমন্ত্রী। নয়া দিগন্ত

সমাজকল্যাণমন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের সামনে অন্যায় করে কেউ টিকে থাকতে পারে না, তা ২০২৪ সালের ৫ আগস্ট প্রমাণ হয়েছে। জনগণের মুখোমুখি হওয়ার সাহস না থাকায় তারা পালিয়ে গেছে। অথচ এখন আবার কথা বলছে। অতীতে যেসব অন্যায়-অবিচার করা হয়েছে, তার প্রতিটি ঘটনার বিচার এই মাটিতেই হবে।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণকে ধোঁকা দেয়া হয়েছে, জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে এবং মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। এসব অন্যায়ের জন্য প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। কেউ যেন মনে না করেন, আমরা বা আপনারা কেউ আইনের ঊর্ধ্বে।

মন্ত্রী আরো বলেন, আমাদের চুপচাপ ও শান্তিপূর্ণ অবস্থান দেখে এমন ভাবার কোনো কারণ নেই যে নবাবগঞ্জের মানুষ, দিনাজপুর-৬ আসনের মানুষ কিংবা বাংলাদেশের জনগণ অতীতের কর্মকাণ্ড ভুলে গেছে। তারা যদি জনগণের কাছে দুই হাত জোড় করে ক্ষমা চাইতেন, তাহলে দেশের মানুষ বিষয়টি বিবেচনা করার সুযোগ পেতেন। তাদের ক্ষমা করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেয়ার সুযোগ জনগণেরই রয়েছে।

পরে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নবাবগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী/দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে, দুস্থ অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও জটিল ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির মাঝে এবং দুরারোগ্য পীড়িত রোগীদের মধ্যে এককালীন চেক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলারর সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।