
জাপানে টাইফুন দুজুয়ানের প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে দেশটির পূর্বাঞ্চলে ভূমিধস ও বন্যায় আরো ছয়জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন।
স্থানীয় গণমাধ্যম ‘দ্য জাপান টাইমস’ জানিয়েছে, চিবা প্রিফেকচারে পাঁচজন এবং পার্শ্ববর্তী কানাগাওয়া প্রিফেকচারে একজন নিহত হয়েছেন।
সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, কমপক্ষে ২২ জন আহত হয়েছেন এবং নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকেলের দিকে টোকিওর নিকটবর্তী চিবা এলাকায় ৪৫ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎহীন ছিল এবং ৪৬০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার সকালের মধ্যেই টাইফুনটি জাপানের উপকূল ছেড়ে প্রশান্ত মহাসাগরের দিকে সরে যায়। এতে কর্তৃপক্ষ ভারী বৃষ্টিপাত ও ভূমিধস-সংক্রান্ত বেশিভাগ সতর্কতা প্রত্যাহার বা শিথিল করে।
তবে ভূমিধসের ঝুঁকি থাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
টাইফুনটি জাপান থেকে দূরে সরে গেলেও টোকিওর নিকটবর্তী চিবা প্রিফেকচারের কিছু অংশে বন্যা পরিস্থিতি অব্যাহত ছিল। এছাড়া পার্শ্ববর্তী কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোসুকায় ভূমিধসের খবর পাওয়া গেছে।
এদিকে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে জাপানের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি








